ইসির আশ্বাসে ছাত্রদলের অবস্থান কর্মসূচি প্রত্যাহার

ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে ইসির সামনে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে ছাত্রদল। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমাদের অভিযোগ তিনটির বিষয়ে ইসির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। আমাদের অনুরোধ করা হয়েছে যেন কর্মসূচি স্থগিত করি। সেজন্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে সাময়িকভাবে এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছে।’ গতকাল সোমবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তবে ছাত্রদল সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি আবার কোনো রাজনৈতিক গোষ্ঠী কিংবা কোনো ছাত্র সংগঠন এখানে প্রবেশ করে জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টা চালায়, কিংবা নির্বাচন চলাকালে কোনো সিদ্ধান্ত গ্রহণে ইসিকে বাধ্য করে, তাহলে ছাত্রদল কী করতে পারে তা দুদিনে দেখিয়েছে। আপনাদের যা করার করেন, আমাদের কাজ আমরা করব।’

রাকিব জানান, ২২ জানুয়ারি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু করবে। সংগঠন সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রস্তুত থাকবে, যাদের কারণে এই দুদিন এখানে অবস্থান করতে হয়েছে। যদি সে ধরনের কোনো প্রচেষ্টা আবার চালানো হয়, তবে তাৎক্ষণিক নতুন কর্মসূচি নিয়ে হাজির হবে তারা।

ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ‘আমরা মনে করি, জামায়াতে ইসলামী তাদের কপটতা ও অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি এবং ইসলাম উভয়কে অবমাননা করছে। এ বিষয়ে দেশের সাধারণ মানুষ ও ইসলামপ্রিয় জনতাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ইসলামের নাম ব্যবহার করে মানুষকে বারবার যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসলমানদের এই জামায়াত থেকে দূরে থাকার আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ‘পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ইতিবাচকভাবে অংশগ্রহণ করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যত ম্যানেজমেন্ট হয়েছে, সেটিতে শিক্ষা মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংযুক্ত ছিল। সেখানে ছাত্রদল কোনোভাবে সম্পৃক্ত ছিল না।’