কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং একই জেলার বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার মোহাম্মদ চিশতী (৪২)।
হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই দুজনকে অস্ত্রসহ আটক করা হয়। পুলিশের ধারণা, কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে এসব অস্ত্র এনে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
ওসি রুহুল আমিন আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এসব অস্ত্র ঢাকায় নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অস্ত্রগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল—তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।