দাউদকান্দি জামায়াত আমীর 

প্রার্থী হিসাবে সংশয় ও শঙ্কা প্রকাশ করছি

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মো. মনিরুজ্জামান বাহালুল বলেন, বর্তমানে বাংলাদেশের অবস্থা রোগাক্রান্ত একটি অসুস্থ অক্ষম শরীরের মতো। বহুবার আমাদের প্রিয় মাতৃভূমি বন্দীদশা থেকে মুক্তির জন্য লাফ দিয়ে নতুনভাবে বিপদগ্রস্ত হয়েছে। ২৪ এর অভ্যুত্থানের পর এই ধারাবাহিকতার ব্যত্যয় ঘটেনি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে অসংখ্য লাশ ও রক্ত বুঝি বিফলে গেল। দীর্ঘকালের দুর্নীতি, বৈষম্য, বিচারহীনতার সংস্কৃতি, পেশিশক্তির দৌরাত্ম্য, প্রশাসনের স্বেচ্ছাচারিতা, মাফিয়া ও সিন্ডিকেট, মাদকের সয়লাব, অবৈধ অস্ত্রের ঝনঝনানির মাধ্যমে লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শহীদ শরীফ উসমান হাদীর খুন তার সর্বশেষ উদাহরণ।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় দাউদকান্দি বিশ্বরোডের সানাইপার্টি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেছেন। 

তিনি আরও বলেন, আমরা একটি মানবিক ও কল্যাণকর আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা করেছিলাম। আমাদের আন্তরিক প্রচেষ্টা ছিল-সকলে মিলে একটি মডেল বাংলাদেশ গঠন করবো। কিন্তু একটি রাজনৈতিক দলের দায়িত্বহীন ও লোভাতুর মানসিকতার কারণে আজ দেশের সকল সূচকগুলো নিম্নমুখী। তারা ক্ষমতার লোভে পতিত ফ্যাসিবাদ ও তার দোসরদের গলায় ফুলের মালা পড়াচ্ছে। বিপদগামী যুবকদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিচ্ছে। কিশোর গ্যাং তৈরী করে সাধারণ মানুষদের বাকস্বাধীনতা হরণ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে না যায় সেজন্য কেন্দ্রদখল, শারীরিকভাবে আঘাত করার আগাম বার্তা দিচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অতীতের মতো মিথ্যা মামলা দিয়ে হয়রানি অব্যাহত রেখেছে। একজন প্রার্থী হিসাবে আমি বর্তমান পরিস্থিতি নিয়ে সংশয় ও শঙ্কা প্রকাশ করছি।

বাংলাদেশ জামায়াত ইসলামী দাউদকান্দি উপজেলার শাখার সেক্রেটারি মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় ১০ দলীয় জোটের মধ্যে আরো বক্তব্য রাখেন,  কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের দাউদকান্দি উপজেলা শাখার  সভাপতি এইচএম শরিফুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাউদকান্দি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ভূঁইয়া মোহাম্মদ সানাউল্লাহ বাবুল, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি শাকিল আহমেদ, দাউদকান্দি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আফিফ, উপজেলা যুব বিভাগের সভাপতি রেজাউল সরকার ও সেক্রেটারি তৌফিক রুবেল প্রমুখ।