ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অব স্টেটের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত মঙ্গলবার সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া বাংলাদেশ ও ইতালির মধ্যেকার বিদ্যমান দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। ইতালির আন্ডার সেক্রেটারি অব স্টেট বাংলাদেশের প্রতিরক্ষা খাত, বিশেষত প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা উন্নয়নে তার দেশের সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সহায়তা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশি শান্তিরক্ষীদের উচ্চমানের নিষ্ঠা ও পেশাদারিত্বের বিশেষ প্রশংসা করেন। পাশাপাশি, আবেইতে শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের স্মরণে গভীর শোক শ্রদ্ধা জানান। এ বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।