মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। গতকাল বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি নিয়ে আবেদনটি সরাসরি খারিজের আদেশ দেয়। হাইকোর্টের এ আদেশের ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মঞ্জুরুল আহসান মুন্সীর অংশ নেওয়া অনিশ্চিত হয়ে গেছে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তা। তবে, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন, এমন অভিযোগ করে একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ আপিল করেন। গত ১৭ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। তাতে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ হয়ে যায়। পরে ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সী গত সোমবার হাইকোর্টে এ রিট আবেদনটি করেন। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানিতে আসে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, মো. রুহুল কুদ্দুস কাজল ও এ বি এম সিদ্দিকুর রহমান এবং আইনজীবী হামিদুল মিসবাহ ও মুহাম্মদ সাইফুল্লাহ মামুন। হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন, সৈয়দ মামুন মাহবুব, এহসান এ সিদ্দিক প্রমুখ। অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব দেশ রূপান্তরকে বলেন, ‘মঞ্জুরুল আহসান মুন্সীর আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আপাতত তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। তবে, যেহেতু আপিল বিভাগ এখনো রয়ে গেছে এবং তিনি যদি আপিল বিভাগে যান তাহলে সে পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে।’