জিয়াউল আহসান ও তার স্ত্রীর ফ্ল্যাট সিলগালা

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের নামে থাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জের জলসিঁড়ি প্রজেক্টের ১২ নম্বর সেক্টরের  ৫০৬ নম্বর রোডের ১৪ নম্বর প্লটের জয়িতা নামের ৮ তলা বাড়ির

তৃতীয়তলার একটি ফ্ল্যাট সিলগালা করেছে প্রশাসন। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ এ সিলগালা করেন। তবে, ৮ তলার অন্যান্য ফ্ল্যাট ভাড়া দেওয়ায় এবং ভাড়াটিয়া থাকায় সিলগালা করেননি।

এ সময় উপস্থিত ছিলেন, পূর্বাচল রাজস্ব সার্কেলের কানুনগো দেলোয়ার হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আবুল কালামসহ আরও অনেকে।

জানা গেছে, ক্ষমতার অপব্যবহার ও আয়বহির্ভূত সম্পদ অর্জন করা এবং তার স্ত্রী নুসরাত জাহানের নামে ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করার অপরাধে গত বছরের ২৩ জানুয়ারি দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গত বছরের ৭ জানুয়ারি জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়।