কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাচনী মিছিলে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার কোরপাই এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত বিএনপি নেতার নাম মো. মমিন মিয়া। তিনি মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। মমিন মিয়া মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের বাসিন্দা এবং মৃত শাহাদাত মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী হাজী জসীম উদ্দীনের সমর্থনে কোরপাই এলাকায় একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছিলেন মোহাম্মদ মমিন।
মিছিল চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মো. মমিন মিয়ার আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।