পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনের স্বতন্ত্রপ্রার্থী মো. মাহমুদ হোসেনের নির্বাচনী প্রচারনায় অফিসে হামলার অভিযোগ উঠেছে ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। নেছারাবাদ উপজেলার ৭নম্বর ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ক্যাম্প অফিসে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুরসহ মাহমুদের কয়েকজন কর্মীদের ওপর হামলা চালায়। পরে তারা ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে।
সাংবাদিকদের কাছে অভিযোগ করে মাহমুদ হোসেন বলেন, বৃহস্পতিবার তিনি ছারছীনা শরীফের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। জিয়ারত শেষে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পে একটি আলোচনা সভা চলাকালে ধানের শীষের প্রার্থী আহমদ সোহেল মঞ্জুর সুমনের সমর্থক নাসির তালুকদার ও তার ভাইসহ কয়েকজন ব্যক্তি অতর্কিত হামলা চালায়। এ সময় তার কয়েকজন কর্মী আহত হন এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
তার দাবি, তার নিরাপত্তায় দায়িত্বে থাকা দুইজন পুলিশ সদস্যের সামনেই এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে অভিযুক্ত নাসির উদ্দিন তালুকদার বলেন, মাহমুদের লোকজন বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে এবং ম্যাডাম (খালেদা জিয়া) ও তারেক রহমানের ছবি ভাঙচুর করেছে।
অভিযোগ প্রসঙ্গে স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, যতদূর জানি, মাহমুদ হোসেন বিএনপির বহিষ্কৃত ব্যক্তি। তিনি দলের ছবি ব্যবহার করে সভা করছিলেন। এতে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল বলে শুনছি। বিষয়টি খবর নিয়ে পুরোপুরি জানতে হবে।