‘সিদ্ধান্ত আগেই নেওয়া; বৈঠকে আমাদের মতামত জানতে চাওয়া হয়নি’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে গতকাল বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার বিষয়ে অনড় অবস্থান ব্যক্ত করেন। সেই বৈঠকে ক্রিকেটারদের মতামত জানতে চাওয়া হয়নি বলে জানা যাচ্ছে।

দেশের একটি ইংরেজি পত্রিকা ‘ডেইলি সানকে’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রিকেটার বলেছেন, ‘ক্রিকেট শেষ।’ আরেকজন বলেন, ‘আমরা না গেলে ক্ষতি হবে আমাদের ক্রিকেটেরই। তাতে কার কী আসে যায়?’

একটি সূত্র জানায়, ‘মূল বার্তাটি পরিষ্কার ছিল—আমরা বিশ্বকাপে যাচ্ছি না। এটি চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের মতামত জানতে চাওয়া হয়নি। আগেও এমন বিষয়ে আলোচনা হতো, কিন্তু এবার সিদ্ধান্ত আগেই নেওয়া।’

সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি আরও জানিয়েছে, ‘বৈঠকটি ছিল বেশ উত্তপ্ত এবং সেখানে কার্যকর আলোচনা খুব কমই হয়েছে। এটি সরাসরি সরকারের সিদ্ধান্ত। খেলব কি খেলব না—সেটা আগেই ঠিক করা।’

এদিকে বৈঠকের পর গতকাল বিকেলে আইসিসিকে পাঠানো এক চিঠিতে ভেন্যু পরিবর্তনের ব্যাপারে নিজেদের অটল অবস্থানের কথা জানায় বিসিবি। সেই চিঠিতে আইসিসিকে অনুরোধ করা হয় বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়।