বাগেরহাটে ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার

বাগেরহাটে মা ও তার ৯ মাস বয়সী ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তান। গতকাল শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠিয়েছে। তাদের মধ্যে মা সুবর্ণা স্বর্ণালীকে (২২) ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় এবং ৯ মাস বয়সী ছেলে নাজিফকে মেঝে থেকে উদ্ধার করা হয়। এটি হত্যা না আত্মহত্যা, তা বলতে পারেনি পুলিশ।

সুবর্ণা স্বর্ণালী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। তিনি জুলাই আন্দোলনে বাগেরহাটে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।

বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান বলেন, শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রামের জুয়েল হাসান সাদ্দামের বাড়িতে তার স্ত্রী সুবর্ণা স্বর্ণালী ও ৯ মাস বয়সী ছেলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মা সুবর্ণাকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় এবং ছেলেকে মেঝে থেকে উদ্ধার করা হয়। পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানে নেমেছে। অনুসন্ধানের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।