কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে দুটি দোকানঘর ও বিএনপির একটি কার্যালয় পুড়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার হেসাখাল ইউনিয়নের দায়েমছাতি পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, জান্নাত ভ্যারাইটিজের সত্ত্বাধিকারী আবদুল করিম ও একটি মুরগির দোকানের মালিক ইব্রাহিম প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। শনিবার সকালে বাজারে এসে তারা দেখেন, আগুনে তাদের দোকান দুটি সম্পূর্ণ পুড়ে গেছে।
আবদুল করিম জানান, অগ্নিকাণ্ডে তার দোকানের দুটি ফ্রিজ, বেকারি সামগ্রী, কসমেটিকস, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটসহ প্রায় সব মালামাল পুড়ে গেছে। এতে তার প্রায় ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
মুরগির দোকানের মালিক ইব্রাহিম বলেন, আমার দোকানের মুরগি, ডিম, দোকানঘর এবং দোকানের পেছনে রাখা কাঠ পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে হেসাখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে দায়েমছাতি পশ্চিম বাজারে দলের কার্যালয়ের অধিকাংশ অংশ পুড়ে গেছে। বিষয়টি উপজেলা নেতৃবৃন্দকে জানানো হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথী বলেন, এখনও কেউ লিখিত অভিযোগ দেননি। তবে তিনি ঘটনাটি শুনেছেন। ক্ষতিগ্রস্তরা আবেদন করলে জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে।