যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এগিয়ে যাচ্ছে শক্তিশালী শীতকালীন ঝড়। যা দক্ষিণ রকি পর্বতমালা থেকে শুরু হয়ে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এই ঝড়ে অন্তত ১৮ কোটি মানুষ প্রভাবিত হতে পারে বলে সতর্ক করেছে কর্র্তৃপক্ষ। এরইমধ্যে ১৪টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বাতিল বা বিলম্বিত হয়েছে ৮ হাজারের বেশি ফ্লাইট। টেক্সাস ও ওকলাহোমার মতো অঙ্গরাজ্যগুলোতে সড়ক বরফে ঢেকে যাওয়ার আশঙ্কায় স্কুল বন্ধ রাখা হয়েছে।
তুষারে ঢাকা পড়তে পারে মেমফিস, ন্যাশভিল, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্ক। দক্ষিণাঞ্চলের কিছু এলাকা থেকে মিড আটলান্টিক এবং উত্তর-পূর্বাঞ্চলে ভারী তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের প্রভাবে কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।