দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা টিপু চৌধুরী (৫০) নিহত হয়েছেন। গত শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে প্রিটোরিয়ার কায়ামথলাংগা এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
নিহত টিপু চৌধুরী মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর তছি সরকার বাড়ির বাসিন্দা। তিনি মৃত আবু তাহেরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন।
নিহতের চাচাত ভাই লিটু চৌধুরী জানান, টিপু চৌধুরী প্রায় ৩৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। শুক্রবার বিকেলে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকার সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে তিনটি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ স্থানীয় থানায় রাখা হয়েছে এবং দেশে আনার প্রস্তুতি চলছে।
তিনি জানান, প্রায় ২০ বছর আগে একই কায়দায় টিপু চৌধুরীর আরেক ভাই আবু সায়েম চৌধুরীকেও সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছিল।