আওয়ামী লীগকে যে প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হয়েছে, তা আইন ও সংবিধানসম্মত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে তা কখনোই নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে পারে না। এতে আইনের শাসন ও গণতন্ত্র দুটিই বাধাগ্রস্ত হচ্ছে। গতকাল রবিবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মনিরাম উচ্চ বিদ্যালয় মাঠে লাঙ্গল প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার বলেন, একজন আইনজীবী হিসেবে আমি স্পষ্টভাবে বলতে চাই, রাজনৈতিক প্রতিযোগিতা থেকে একটি বড় দলকে বাদ দেওয়া মানে নির্বাচনী নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা। এর ফলে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং গণতান্ত্রিক চর্চা দুর্বল হয়ে পড়ছে। নির্বাচন শুধু ভোটগ্রহণের নাম নয়, এটি জনগণের আস্থা ও অংশগ্রহণের বিষয়।
সরকারের সমালোচনা করে জাপা মহাসচিব বলেন, সরকার ফ্যাসিবাদী আচরণ করছে। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। এই নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা রয়েছে, যা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
পথসভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির উপজেলা সহ-সভাপতি আনছার আলী সরদার, জহুরুল হক বাদশা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন মুক্তিসহ স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও অংগসংগঠনের নেতাকর্মীরা। সভা শেষে নেতাকর্মীরা লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট চেয়ে এলাকায় গণসংযোগ করেন।