বিএনপির রাজনীতি মানুষের কল্যাণের জন্য : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতি করে ব্যবসা করি না, রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য সাধারণ মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ২৯ মাইল বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার। স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনারা ভয় না পেয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন।

নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সকালে নিজ নির্বাচনী এলাকার বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া গ্রামে আয়োজিত সভায় যোগ দেন মির্জা ফখরুল। সভায় এ সময় তিনি বলেন, আমরা আমানতের খেয়ানত করি না। আমরা চাকরির জন্য ঘুষ নেব না, কাউকে নিতেও দেব না। আমাদের কিছু খারাপ লোক আছে, যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে করতে চায়, এই বিভেদ যাতে কেউ সৃষ্টি করতে না পারে এজন্য সজাগ থাকার আহ্বান জানাই।

হিন্দু সম্প্রদায়ের মানুষের সাহস নিয়ে থাকতে হবে, আপনাদের যেকোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। সেইসঙ্গে নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।