মোহাম্মদপুরের দুই মামলা

শেখ হাসিনাসহ ৪১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

জুলাই আন্দোলনে মোহাম্মদপুরের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৪১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম মামলাগুলোর অভিযোগপত্র গ্রহণ করে ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন। দুটি মামলায় ৬৪ আসামি। ২৪-এর জুলাইয়ে মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন এবং অটোরিকশাচালক সবুজ হত্যা মামলায় এই অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তারা। শেখ হাসিনা দুই মামলাতেই আসামি। উভয় মামলাতেই তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুরে মো. হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন। মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান গত ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকে আসামি করা হয়। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে আছেন। জামিনে রয়েছেন ১০ জন।

অন্যদিকে ৪ আগস্ট মোহাম্মদপুরে ময়ূর ভিলার সামনে গুলিবিদ্ধ হন ২২ বছরের সবুজ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সবুজের ভাই মনির হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। মোহাম্মদপুর থানার এসআই মো. মাজহারুল ইসলাম গত ২৭ নভেম্বর ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দেন।