কুমিল্লার দেবিদ্বারে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ভোট চুরি প্রতিরোধে রাজনৈতিক নেতৃত্ব নয়, সাধারণ মানুষই যথেষ্ট।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠে আয়োজিত ওই বৈঠকে তিনি বলেন, ফজরের নামাজ শেষে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে পাহারা দিতে হবে। কোনো ধরনের কেন্দ্র দখল বা ভোট কারচুপির চেষ্টা হলে তা প্রতিহত করতে হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের সময় যেভাবে সাধারণ মানুষ, বিশেষ করে নারীসমাজ রাস্তায় নেমে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিল, এবারও ভোটাধিকার রক্ষায় তারা ভূমিকা রাখবে। তার ভাষায়, তরুণ প্রজন্ম, কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষ একত্র হয়ে ভোট ডাকাতি রুখে দেবে।
তিনি অভিযোগ করেন, একটি মহল এখনো ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে। এসব পরিকল্পনা থেকে সরে আসার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ভোট চুরি ও কেন্দ্র দখলের রাজনীতি আর চলবে না।
গণভোট প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে না-এমন বক্তব্য বিভ্রান্তিকর। তিনি বলেন, গণভোটের শর্তে এমন কোনো বিষয় উল্লেখ নেই। তিনি ভোটারদের দুটি ভোট দেওয়ার আহ্বান জানান-একটি শাপলা কলি প্রতীকে এবং অন্যটি গণভোটে ‘হ্যাঁ’ ভোট।
সুবিল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা সংগঠকরা ও স্থানীয় নেতারা।