ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের (ইসির) দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছে উচ্চ আদালত। পাশাপাশি তার মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে সারোয়ার আলমগীরের করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও রুহুল কুদ্দুস কাজল। অ্যাডভোকেট আহসানুল করিম দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্টের এ আদেশে সারোয়ার আলমগীরের প্রার্থিতা ফিরল। তার নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই। আজই (গতকাল) তার মনোনয়নপত্র ইসি গ্রহণ করেছে এবং তাকে প্রতীক বরাদ্দ দিয়েছে।’
এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। তবে বিএনপির এ প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে ইসিতে আপিল করেন ওই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। গত ১৮ জানুয়ারি শুনানি নিয়ে ইসি সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করলে তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে ইসির এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ১৯ জানুয়ারি হাইকোর্টে আবেদন করেন সারোয়ার আলমগীর। নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির শুনানিতে ছিলেন। ইসির পক্ষে ছিলেন আইনজীবী মো. রাজু মিয়া।