ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের ভূয়সী প্রশংসা করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী উইঙ্গার আনহেল ডি মারিয়া। পিএসজিতে একসময় ফরাসি বিশ্বকাপজয়ী তারকার সতীর্থ ডি মারিয়ার মতে, বর্তমান সময়ের সেরা ফুটবলার শুধু এমবাপ্পেই নন, তিনি আধুনিক ফুটবলের ধারা বদলে দিয়েছেন।
৩৭ বছর বয়সেও পেশাদার ফুটবল চালিয়ে যাচ্ছেন ডি মারিয়া। বর্তমানে তিনি নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলছেন। দীর্ঘ ক্যারিয়ারে বেনফিকা, রিয়াল মাদ্রিদ ও পিএসজির মতো ইউরোপের শীর্ষ ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। চ্যাম্পিয়ন্স লিগের শেষ রাউন্ডে রিয়াল মাদ্রিদ ও বেনফিকার মুখোমুখি হওয়ার আগে স্বাভাবিকভাবেই আলোচনায় এমবাপ্পে, যিনি এখন রিয়ালের প্রধান আক্রমণভাগের অস্ত্র।
এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘কিলিয়ান বহু বছর ধরেই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। দলীয় সাফল্য ব্যক্তিগত পুরস্কারে প্রভাব ফেলে ঠিকই, কিন্তু কিলিয়ান প্রতিদিনই প্রমাণ করে চলছে, সে সেরাদের একজন। আজকের দিনে সে-ই সেরা। নিজের খেলার স্টাইল খুঁজে পাওয়ার পর এমবাপ্পে ফুটবলে এক ধরনের বিপ্লব ঘটিয়ে দিয়েছে। তার গতি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর গোল করার ধার—সব মিলিয়ে সে খেলাটাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।’
পিএসজিতে একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে এমবাপ্পেকে খুব কাছ থেকে দেখেছেন ডি মারিয়া। সেই অভিজ্ঞতার আলোকে তার এই মন্তব্য ফুটবলবিশ্বে এমবাপ্পের অবস্থানকে আরও জোরালোভাবেই তুলে ধরছে। আর মাঠের পারফর্মেন্সে এমবাপ্পে প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছেন নিজেকে।