শ্রীলঙ্কার বিমানের টিকিট কেটেছে বিশ্বকাপ বয়কটের হুমকি দেওয়া পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখন পর্যন্ত অনিশ্চয়তা আছে। কিন্তু দলটির শ্রীলঙ্কা সফরের টিকিট ইতিমধ্যে বুক করা হয়ে গেছে। আগামী সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে পাকিস্তান দলের, যদিও শেষ মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

‘টেলিকম এশিয়া স্পোর্টস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গে একই ফ্লাইটে লাহোর থেকে কলম্বোর উদ্দেশে যাত্রা করার প্রস্তুতি নিয়েছে। সূত্র আরও জানায়, শুক্র থেকে সোমবারের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নাকভি বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের আবেদন প্রত্যাখ্যান করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন পিসিবি প্রধান মহসিন নাকভি। এ বিষয়ে দিকনির্দেশনা নিতে ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন নাকভি।

সূত্রের দাবি, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষে অবস্থানকে সমর্থন করলেও সম্ভাব্য আর্থিক ক্ষতির কারণে বিশ্বকাপ বর্জনের বিপক্ষে মত দিয়েছেন। এছাড়া প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, সামরিক নেতৃত্ব এবং সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম সেথি ও রমিজ রাজাসহ বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করেন নাকভি। সাবেক দুই বোর্ডপ্রধান শ্রীলঙ্কায় দল পাঠানোর পক্ষে মত দেন এবং ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের বিরোধিতা করেন।

রাজনৈতিক ও প্রশাসনিক অনিশ্চয়তার মধ্যেও মাঠের প্রস্তুতি অব্যাহত রয়েছে। পাকিস্তান দল লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে। খেলোয়াড়দের বিশ্বকাপ নিয়ে ইতিবাচক মানসিকতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র জানায়, খাইবার পাখতুনখোয়ার কয়েকজন ক্রিকেটার সম্ভাব্য দীর্ঘ বিদেশ সফরের কথা মাথায় রেখে প্রয়োজনীয় লাগেজও প্রস্তুত রেখেছেন।