আয়কর রিটার্ন দাখিলের সময় আবারও বেড়েছে

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক দফা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দাখিল করা যাবে। গতকাল বৃহস্পতিবার এই বিশেষ আদেশ জারি করেছে এনবিআর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং নির্বাচনী প্রচারসহ বিভিন্ন দিক বিবেচনায় এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দুই দফা বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তা আরও বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে। এনবিআরের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ও ব্যক্তি পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের ব্যস্ততা রয়েছে। তাড়াহুড়া না করে, নিশ্চিন্তে ও নির্ভুলভাবে রিটার্ন দেওয়া ব্যবস্থা করতে আরও এক মাস সময় বাড়ানো হয়েছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, রিটার্ন দাখিলের শেষদিকে যদি দেখা যায় যে পরিমাণ রেজিস্ট্রেশন করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য অংশ বাকি রয়ে গেছে, তখন আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি স্পষ্ট জানান। ওইদিন বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, এ পর্যন্ত ৪৭ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৩৪ লাখ করদাতা এরই মধ্যে তাদের রিটার্ন দাখিল করেছেন।

আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এ বছর বিশেষ পরিস্থিতিতে দুই দফায় মোট দুই মাস সময় বাড়ানো হয়েছে। আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করদাতাদের জরিমানা গুনতে হয় এবং তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত (রিবেট) সুবিধা থেকে বঞ্চিত হন।