সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত হচ্ছে কুর্দিরা

সিরিয়ায় বাশার আল-আসাদকে উৎখাতের পর দেশটির ওপর নিয়ন্ত্রণ সুসংহত করতে গত কয়েক সপ্তাহ ধরে দেশের উত্তরে কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছিল সেনাবাহিনী। বেশ কয়েক দফায় অস্ত্রবিরতির পর সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন বাহিনী দেশটির সরকারের সঙ্গে এক বিস্তৃত চুক্তিতে পৌঁছেছে। এ চুক্তির আওতায় তারা সিরিয়ার সেনাবাহিনীতে একীভূত হবে। গতকাল শুক্রবার এসডিএফ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এ চুক্তির আওতায় কুর্দি সামরিক বাহিনীকে ধাপে ধাপে সিরিয়ার সেনাবাহিনীতে একীভূত করা হবে। এর কিছুক্ষণ পর সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চুক্তির বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, এ চুক্তির ফলে কুর্দি বেসামরিক প্রতিষ্ঠানগুলোও ধীরে ধীরে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে যুক্ত হবে। চুক্তিটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

এ চুক্তি এমন এক সময় এলো, যখন গত তিন সপ্তাহে সিরিয়ার সেনাবাহিনী এসডিএফের কাছ থেকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। চুক্তি অনুযায়ী, এসডিএফ বাহিনী রণক্ষেত্র ত্যাগ করে সরে যাবে। সরকারি বাহিনী হাসাকাহ ও কামিশলির শহরকেন্দ্রে মোতায়েন হবে এবং স্থানীয় নিরাপত্তা বাহিনীগুলোকে একীভূত করা হবে। এসডিএফের তিনটি ব্রিগেড নিয়ে একটি নতুন সামরিক ডিভিশন গঠন করা হবে। এ ছাড়া কোবানে শহরে অবস্থিত আরেকটি ব্রিগেডকে আলেপ্পো গভর্নরেটের অধীনে যুক্ত করা হবে।

আলেপ্পো সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কুর্দি অধ্যুষিত অঞ্চলের প্রধান শহর। এসডিএফের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দি-নেতৃত্বাধীন গোষ্ঠীগুলোর প্রতিষ্ঠিত শাসন ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হবে। একসময় সিরিয়ার মোট ভূখণ্ডের এক-চতুর্থাংশ বা তারও বেশি এলাকা নিয়ন্ত্রণে রাখা সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত টম বারাক শুক্রবারের এই চুক্তিকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলে আখ্যা দেন। তিনি বলেন, এটি ‘অন্তর্ভুক্তি, পারস্পরিক সম্মান এবং সব সিরিয়ার জনগোষ্ঠীর সম্মিলিত মর্যাদার প্রতি এক যৌথ অঙ্গীকারের প্রতিফলন।