ভারতে আটক ১২৮ মৎস্যজীবী দেশে ফিরলেন

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে উভয় দেশের বন্দি জেলেদের বিনিময় শেষে বাংলাদেশি জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশের কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখাসংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী ২০২৫ সালের ১৮ এবং ২৩ অক্টোবর দুটি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন জেলেকে আটক করে। অন্যদিকে ২০২৫ সালের ১৬, ১৭, ১৯ এবং ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। গত বৃহস্পতিবার বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন আইএমবিএলে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে দুটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি ভারতে আটক থাকা ১২৮ বাংলাদেশি জেলেসহ পাঁচটি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে। গতকাল বাংলাদেশি জেলেদের বোটসহ কোস্ট গার্ড বেইস মোংলায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।