কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিচেতনা ও দর্শনকে গানে গানে তুলে ধরতে সাংস্কৃতিক সংগঠন রবিরশ্মি-এর উদ্যোগে বিশেষ রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান ‘গানে গানে রবীন্দ্রনাথ’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
‘মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তি ধরো, নিজের করো জয়’-এই চিরন্তন বাণীকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশিত হয় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। এতে অংশগ্রহণ করেন অতিথি শিল্পীসহ রবিরশ্মির শিল্পীবৃন্দ। সুর, কথা ও আবৃত্তির সমন্বয়ে পুরো মিলনায়তন হয়ে ওঠে রবীন্দ্রচেতনার এক আবেশময় পরিসর।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টায় ঢাকার কবি সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শক ও রবীন্দ্রপ্রেমীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
রবিরশ্মির পরিচালক অধ্যাপক মহাদেব ঘোষ বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে রবীন্দ্রনাথের মানবিক দর্শন, আত্মশক্তি ও মুক্তচিন্তার বার্তা নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।