ধর্মের নামে বিভ্রান্তি ভোট কেনার চেষ্টা অনৈতিক

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা কখনোই সঠিক রাজনীতি হতে পারে না। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে এ ধরনের কথা কেউ বলতে পারে না। এবার মানুষের সামনে ঠিকমতো ভোট দেওয়ার সুযোগ এসেছে। গতকাল শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভা তিনি এসব কথা বলেন। জামায়াতকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘তারা অনেক কথা বলছে, কিন্তু বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। তারা ভোটারদের কাছে বিকাশ নম্বর চাইছে। টাকা পাঠানোর মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে। এটা মারাত্মক অনৈতিক কাজ। আমরা সেই দলকে সমর্থন করতে পারি না, যে দল মানুষকে সঠিক কাজ করতে দেয় না এবং ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিতে চায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এলাকার উন্নয়ন এবং মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেই লক্ষ্যেই রাজনীতি করি। বিগত সময় মানুষ শান্তিতে ছিল না। তবে দীর্ঘ ১৪-১৫ বছরের দুর্দিন পার হয়ে এখন একটি ভালো সম্ভাবনা সামনে দেখা দিয়েছে। দেশে এবার একটি ভালো নির্বাচন হবে। সবাই ভোট দিতে পারবে এবং ভোট দিয়ে ভালো মানুষ ও ভালো দলকে নির্বাচিত করতে পারবে।’

বিএনপির সাংগঠনিক অবস্থান তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘এবারের নির্বাচন অনেক কষ্টের ফল। দীর্ঘ আন্দোলন করতে হয়েছে, অসংখ্য মামলা মোকাবিলা করতে হয়েছে। তারপরও আমাদের দলের একটি লোকও বিএনপি ছেড়ে যায়নি। বিএনপিকে ভাঙার জন্য বহুবার চেষ্টা হয়েছে, কিন্তু তা সফল হয়নি। বিএনপি এমন একটি দল, যা বলে তাই করে। এ সময় নিজের রাজনৈতিক সততার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি মন্ত্রী ছিলাম। কেউ বলতে পারবে না, মন্ত্রী থাকা অবস্থায় আমি কারও কাছে এক কাপ চা খেয়েছি বা ২ টাকা নিয়েছি।’

নির্বাচনী সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সকালে সদর উপজেলার আকচা ইউনিয়নের ওয়ার্ডের মুন্সীপাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় যোগ দেন মির্জা ফখরুল।