ভারতের মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত অজিত পাওয়ারের স্ত্রী এবং রাজ্যসভার এমপি সুনেত্রা পাওয়ার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গতকাল শনিবার দুপুরে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) পরিষদীয় দলনেত্রী নির্বাচিত হন সুনেত্রা। পরে বিকেলে রাজ্যপাল আচার্য দেবব্রতের কাছে শপথ নেন তিনি। এর মধ্যে দিয়ে সুনিতা হতে যাচ্ছেন মহারাষ্ট্রের প্রথম নারী উপ-মুখ্যমন্ত্রী। গত বুধবার পুনের বারামতি বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হন অজিত পাওয়ার। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে সুনেত্রা উপ-মুখ্যমন্ত্রীর পদ গ্রহণের পর, তাকে তার সংসদীয় আসনটি ছেড়ে দিয়ে বারামতি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে, কারণ অজিত পাওয়ারের মৃত্যুর ফলে আসনটি শূন্য হয়ে গেছে।
বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর পরে তার শূন্যস্থান কে পূরণ করবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। গত শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়ণবিসের সরকারি বাসভবন বর্ষায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এনসিপি নেতা ছগন ভুজবল, প্রফুল পটেল এবং সুনিল তটকরে। ফড়ণবিসের মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী অজিতের হাতে অর্থ, আবগারি, ক্রীড়ার মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব ছিল। সুনেত্রার ভোট-রাজনীতিতে পদার্পণ মাত্র দেড় বছর আগে; ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময়। কিন্তু সেবার বারামতি কেন্দ্রে শারদ পওয়ারের কন্যা এনসিপি (শরদ) প্রার্থী সুপ্রিয়া সুলের কাছে হেরে গিয়েছিলেন তিনি। এদিকে, অজিত পাওয়ারের চাচা ও এনসিপি (এসপি) প্রধান শারদ পাওয়ার বলেছেন, এই সিদ্ধান্তটি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) নিয়েছে। এ বিষয়ে পাওয়ার পরিবারের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। অজিত পাওয়ারের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া থেকে তাকে সরিয়ে রাখা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে শারদ পাওয়ার বলেন, আমি জানি না।
শারদ পাওয়ার নিজেকে সাম্প্রতিক এই রাজনৈতিক তৎপরতা থেকে দূরে রেখেছেন। তিনি দাবি করেছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা তিনি সংবাদমাধ্যমেই জানতে পেরেছেন। বারামতিতে সংবাদ সম্মেলনে পাওয়ার পরিবারের কেউ যোগ দেবেন কি না, জানতে চাওয়া হলে শারদ পাওয়ার বলেন, আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যাপারে কিছু জানি না। খবরের মাধ্যমে এটি জানতে পেরেছি। শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পর্কে আমার কোনো ধারণা নেই। প্রবীণ এই নেতার মন্তব্য থেকে রাজনীতি ও পরিবারের মধ্যকার স্পষ্ট বিভাজন ফুটে উঠেছে। ২০২৩ সালের জুলাই মাসে অজিত পাওয়ার তার চাচার সঙ্গ ছেড়ে নিজের আলাদা রাজনৈতিক পথ বেছে নেন। তার দল এনসিপি বিজেপির নেতৃত্বাধীন জোটে যোগ দেয়।