নির্বাচনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না বিজিবি

নির্বাচনে কোনো সহিংসতা হলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে আগ্রহী নয় বিজিবি। কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য ইতিমধ্যেই সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান। গতকাল শনিবার রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

নির্বাচনকালীন রাজধানী ঢাকা ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংসদ নির্বাচন সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ ভোট আয়োজনে সারা দেশে মোতায়েন হয়েছে বিজিবি। ঢাকা সেক্টরের ৯টি জেলা ও ৪টি সিটি করপোরেশনের ৫২টি আসনে ১৩৪ প্লাটুন বিজিবি ৪২টি অস্থায়ী বেইজ ক্যাম্পে দায়িত্ব পালন করবে। চলছে বিশেষ তল্লাশি কার্যক্রমের প্রস্তুতিও।

কর্নেল এসএম আবুল এহসান বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া বডি অন ক্যামেরাসহ প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করা হবে। তবে সহিংসতার ঘটনা ঘটলেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে আগ্রহী নয় বিজিবি।

বিজিবি জানায়, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে। যারা প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি নিরাপত্তাব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।

নির্বাচন সামনে রেখে আপনারা মহড়া চালাচ্ছেন, নির্বাচনে আপনারা কোনো শঙ্কা দেখেন কি না এমন প্রশ্নের জবাবে কর্নেল এসএম আবুল এহসান বলেন, ‘নির্বাচনে এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা দেখছি না। আমাদের বিজিবি মহাপরিচালকের নির্দেশ আমরা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের লেথাল ওয়েপন (প্রাণঘাতী) ব্যবহার করব না।’

নির্বাচনে আপনাদের কোনো হটলাইন আছে কি না এমন প্রশ্নের জবাবে বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘আমাদের যে বেস ক্যাম্পগুলো রয়েছে, সেগুলোর মোবাইল নম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে রয়েছে। কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। পাশাপাশি নির্বাচন কমিশনের সুরক্ষা অ্যাপ রয়েছে, সেখানেও কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে জানাতে পারবেন।’