জুলাই গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট রাজধানীর অদূরে আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয় লাশ পোড়ানো মামলার বিচারের রায় হবে আগামী ৫ ফেব্রুয়ারি। গতকাল রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের জন্য এদিন ধার্য করে। এ মামলার সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শেষে গত ২০ জানুয়ারি রায় যেকোনো দিন ঘোষণা করা হবে মর্মে অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় মামলাটি রায়ের পর্যায়ে এলো। গণঅভ্যুত্থান দমনে ব্যাপক হত্যাকান্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ নিয়ে তৃতীয় কোনো মামলা রায়ের পর্যায়ে এসেছে।
আশুলিয়ার ঘটনায় মামলায় ১৬ আসামির মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা হলেন, পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান ও শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার। স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ আট আসামি এখনো পলাতক। আসামি আবজালুল হক এ মামলায় দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হিসেবে সাক্ষ্য দেন।
গত বছরের ১৪ সেপ্টেম্বর প্রসিকিউশনপক্ষে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এ মামলায় বিচারকাজ শুরু হয়। গত বছরের ২১ আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে ২৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। অভিযোগে বলা হয়, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে দিন আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হন। পরে নিহত পাঁচজনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ছড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় মিলেছে। তারা হলেন সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন।
গৌরীপুর হত্যাকান্ডে আনুষ্ঠানিক অভিযোগ : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ময়মনসিংহের গৌরীপুরে তিন আন্দোলনকারীকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি পরের শুনানির জন্য দিন ধার্য করেছে। এ মামলায় গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোমনাথ সাহা, গৌরীপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়সহ ৯জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে তিনজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।