চলতি বছরের জানুয়ারি মাসে ১৮৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৭৫ কন্যাশিশু এবং ১০৮ নারী। গতকাল রবিবার বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানিয়েছে। ১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতেই এই তালিকা করেছে সংস্থাটি।
তথ্য অনুসারে ২০২৬ সালের জানুয়ারি মাসের সময়কালে ১৮৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ১৭ কন্যাশিশু, ১৪ নারীসহ ৩১ নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ৩ কন্যাশিশুসহ ১১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এবং ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে দুই কন্যাশিশু। এ ছাড়া চার কন্যাশিশুসহ ছয় নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন সহিংসতার শিকার হয়েছে ৫ কন্যাশিশুসহ ৯ জন। এর মধ্যে চার কন্যাশিশুসহ পাঁচজন যৌন নিপীড়নের শিকার, একজন উত্ত্যক্তের শিকার হয়েছে, সাইবার সহিংসতার শিকার হয়েছে তিন কন্যাশিশু। এ ছাড়া বিভিন্ন কারণে ১৮ কন্যাশিশু, ৩৭ নারীসহ ৫৫ জন হত্যার শিকার হয়েছে। তিনজনকে হত্যাচেষ্টা করা হয়েছে। ৪ কন্যাশিশু, ১৬ নারীসহ ২০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৪ কন্যাশিশুসহ ৯ জন আত্মহত্যার শিকার হয়েছে, এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে একজন। অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে একজনের। যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে তিনজন। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে একজন। পাঁচ কন্যাশিশুসহ সাতজন অপহরণের শিকার হয়েছে। এ ছাড়া দুই কন্যাশিশুসহ তিনজন অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। ১০ কন্যাশিশুসহ ২০ জনের পাচারের ঘটনা ঘটেছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৪ কন্যাশিশুসহ ৯ জন। এ ছাড়া চারজন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।