বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী ও মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ধানের শীষকে বিজয়ী করুন।
তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে জনগণ কখনও প্রতারিত হয়নি, ভবিষ্যতেও হবে না। বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল। মানুষ বিএনপির ওপরই বেশি ভরসা করে। কারণ দলটির বিগত দিনের কর্মকাণ্ড মানুষের ভালোবাসায় সমৃদ্ধ। একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ গড়তে হলে ধানের শীষকেই বিজয়ী করুন।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চৌমুহনী বাজার বালুর মাঠে গণসংযোগ ও পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, ধানের শীষ জিতে গেলে প্রকৃতঅর্থে জনগণই জিতে যাবে। আগামী উন্নয়নের স্বপ্নসারথি তারেক রহমান এই দেশের মানুষের কল্যাণে তার স্বপ্নময় ভাবনাগুলো বাস্তবে রূপ দিতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।
বিগত ১৬ বছর জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে জনগণের অংশগ্রহণ ছিল না জানিয়ে বিএনপির বর্ষীয়ান নেতা বলেন, মানুষের আশা ভরসার প্রতিফলন ঘটেনি। বর্তমান বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার। আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপির প্রার্থীকেই নির্বাচিত করবে।
তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন উৎপাদনে নতুন জাগরণ ঘটানোর জন্য বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান ড.খন্দকার মোশাররফ।
পথসভায় আরও উপস্থিত ছিলেন আবুল হাশেম চেয়ারম্যান, বিএনপি নেতা এম এ লতিফ ভূঁইয়া, জসিমউদ্দিন আহমেদ, এনামুল হক সফর তালুকদার, সাবেক ইউপি মাজহারুল হক মানিক, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।