রোজায় মিলবে সাশ্রয়ী মূল্যে দুধ ডিম মাংস

প্রতিবছরের মতো এবারও রমজান উপলক্ষে সরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে। প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা দরে বিক্রি করা হবে। প্রক্রিয়াজাত মুরগির মাংস প্রতি কেজি ২৫০, দুধ প্রতি লিটার ৮০ এবং প্রতিটি ডিম ৮ টাকা মূল্যে বিক্রি করা হবে। প্রথম রোজা থেকে এসব পণ্য বিক্রির কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে।

গত রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়। রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ বৈঠকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, এ বছর ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান জানান, এ বছরও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে করে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে এসব পণ্যের সরবরাহ পেতে পারেন।

তিনি আরও জানান, সরবরাহকারীদের সঙ্গে সব আলোচনা শেষ হয়েছে। তারা এবার গত বছরের চেয়ে বেশি স্থানে পণ্য বিক্রি করবেন।

জানা গেছে, প্রতিবছর প্রাণিসম্পদ খাতের ব্যবসায়ীরা সরকারি ব্যবস্থাপনায় ফ্রিজিং ভ্যানে করে এসব পণ্য বিক্রি করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে কী পরিমাণ পণ্য একেকজন গ্রাহক একসঙ্গে কিনতে পারবেন, তা এখনো নির্ধারণ করা হয়নি।

এদিকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি গরুর মাংস ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও অবশ্য এই দাম ৮০০ টাকা চাইতেও দেখা গেছে। সে ক্ষেত্রে ২৩০ থেকে ২৫০ টাকা কমে গরুর মাংস কিনতে পারবেন ভোক্তারা।

এ ছাড়া বাজারে প্রতিটি ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ৮ দশমিক ৫০ থেকে ১০ টাকার মধ্যে। এখানে বিক্রি করা হবে ৮ টাকায়। তবে বাজারে সাধারণত লাইভ ওয়েটে ব্রয়লার মুরগি বিক্রি করা হয়, যা ১৮০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। তবে ড্রেসিং করা ব্রয়লার মুরগি এখানে ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে, যা ভোক্তার জন্য সাশ্রয়ী বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর রোজার আগে মুরগি, ডিম, গরুর মাংসসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহকারী ও বিক্রেতারা এসব পণ্যের দাম বাড়িয়ে দেন। সেই অবস্থা থেকে নিম্ন আয়ের কিছু ভোক্তাকে স্বস্তি দেওয়ার জন্যই সরকার সাশ্রয়ী মূল্যে এসব পণ্য বিক্রি করে।