সমতাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা জুবাইদা রহমানের

রাজধানীর কড়াইল-ভাষানটেক-সাততলা বস্তি এলাকার নানা সমস্যার কথা শুনে সমতাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। পাশাপাশি দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। গতকাল বুধবার বিকেলে হাতিরঝিলে এক অনুষ্ঠানে তিন এলাকার বাসিন্দাদের কাছ থেকে সমস্যাগুলো শুনে তিনি এ আহ্বান জানান। হাতিরঝিলে অ্যাম্ফিথিয়েটারে উন্মুক্ত গ্যালারিতে ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির উদ্যোগে এই মতবিনিময় সভা হয়। এতে কড়াইল, ভাষানটেক ও সাততলার কর্মজীবী রিকশাচালক, বাসচালক, পোশাককর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, কৃষিবিদ, বাংকার্স, সিস্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

জুবাইদা রহমান বলেন ‘আপনারা মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের বলেছেন। আমরা সাধ্যমতো আপনাদের সমস্যাগুলো আরও শুনব, জানব। আমরা একে অপরকে আরও জানতে চেষ্টা করব সমস্যাগুলো কীভাবে সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং শ্রমভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায়। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি, আমার আগে ‘আমরা’, আমাদের আগে “দেশ”, ক্ষমতার আগে “জনতা”, সবার আগে “বাংলাদেশ”, ভেদাভেদের আগে “সমতা”, সবার জন্য “সমান সুযোগ-শ্রমের মর্যাদা”। আমরা সবাইকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং অধিকার, সুবিচার, শোষণের আগে অধিকার।’

জুবাইদা রহমান বলেন, ‘আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে যেখানে নেতার আগে জনতা। করব কাজ, গড়ব দেশ সবার আগে বাংলাদেশ এবং সেজন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে সব পেশার মানুষ একসঙ্গে আসায় তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এতক্ষণ আমরা শুনলাম ভাষানটেক, কড়াইল,সাততলা থেকে আগত তিনজন বোনের হৃদয়বিদারক অনেক সমস্যার কথা, শুনলাম দুজন পোশাককর্মী ভাই ও বোনের হৃদয়বিদারক সমস্যার কথা এবং একজন পরিবহনকর্মী ভাইয়ের কথা। আপনাদের সমস্যা অনেক। আমি-আপনি-আমাদের সবার সমস্যা অনেক। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব।

দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যানের স্ত্রী বলেন, ‘আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বিএনপি। যেখানে সব শ্রেণিপেশার মানুষের সমস্যা চিহ্নিত করে, তা থেকে সমাধানের রূপরেখা থাকবে।’

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, পরিচালক সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, ভাষানটেকের বাসিন্দা গৃহিণী তানিয়া আখতার, কড়াইল আদর্শ নগরের তিতুমীর কলেজের শিক্ষার্থী ফাতেমা আখতার বিধি, সাততলা এলাকার সাউথ ইস্ট ইউনির্ভাসিটির শিক্ষার্থী নার্গিস আখতার এবং পোশাককর্মী মির্জা আল শামীম, ফাতেমা খাতুন এবং পরিবহনশ্রমিক রুহুল আমিন বাবু।

বক্তারা নিজ নিজ এলাকার সমস্যা বিশেষ করে রাস্তা-ঘাটের উন্নয়ন, পয়ঃনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা, খেলার মাঠ নির্মাণ, হাসপাতাল স্থাপন, শিল্পপ্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার তৈরি, শিল্পে নারীকর্মীদের ওপর নিপীড়ন নির্যাতন বন্ধ করা, যানজট নিরসন, বস্তিবাসীদের বাসস্থানের স্থায়ী পুনর্বাসন, গণপরিবহনের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে চলমান দুর্নীতি দূরীকরণ, এই এলাকায় রাস্তাঘাটের লাইটিং ব্যবস্থা উন্নত করাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।