আইপিএল থেকে বাদ পড়ে যাওয়া মোস্তাফিজুর রহমানক সরাসরি চুক্তিতে দলে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স। আজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে তারা চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশি মুদ্রায় মোস্তাফিজ পাবেন ২ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকার মতো।
লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড ‘এক্স’ অ্যাকাউন্টে জানিয়েছে, ‘আমাদের বাংলাদেশি ভাই মোস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, তাকে এবার সরাসরি চুক্তির মাধ্যমে আবারও আমাদের পরিবারে ফেরানো হয়েছে। একবার যদি কালান্দার হও, তাহলে চিরকালই কালান্দার। সরাসরি চুক্তিতে মোস্তাফিজ পাচ্ছেন ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপি।’
উল্লেখ্য, এবারের আইপিএলের জন্য রেকর্ড মূল্যে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে মোস্তাফিজকে আইপিএল থেকেই বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর জেরে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ করে দেয় আইসিসি।
এর ধারাবাহিকতায় পাকিস্তানেরও বিশ্বকাপ বয়কটের গুঞ্জন শোনা গেলেও তারা সে পথে হাঁটেনি। পাকিস্তান শুধু ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে। সেই পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগেই এবার ঠাঁই হলো বাংলাদেশের ‘কাটার মাস্টার’-এর। এসব ধারাবাহিক ঘটনাপ্রবাহ ক্রিকেটবিশ্বে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ক্রিকেট থেকে রাজনীতি দূরে রাখতে বলছেন অনেকেই।