ধানের শীষ প্রতীক হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি:  জিন্নাহ

ধানের শীষ প্রতীক হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবির।

তিনি বলেন, এবারের  নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে ও স্বাধীনতার বিপক্ষের শক্তি। স্বাধীনতা বিরোধী জামায়াতে  ইসলামী সহজ সরল মা-বোনদের বলে বেড়াচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তের যাওয়া যাবে, নাউজুবিল্লাহ। অপশক্তি জামায়াত মিথ্যা কথা বলে প্রতারণা করে দাঁড়িপাল্লায় ভোট নেওয়ার পাঁয়তারা করছে। স্বাধীনতা বিরোধী জামায়াতের মিথ্যা কথা বিশ্বাস করবেন না। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় মানিকগঞ্জের ঘিওরে শোলধারা স্কুল মাঠে বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ধানের শীষ। স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত ও দলের গাপটি মেরে থাকা বিশ্বাসঘাতক নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।

আগামী নির্বাচনে নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, রাস্তা ঘাট, ব্রিজ,কালভার্ট,স্কুল-কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করবে।  

তিনি বলেন, বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে । আমরা সবাই ধানের শীষের কর্মী সকল বেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে। 

বিএনপি নেতা খন্দকার ওমর ফারুকের সভাপতিত্বে ও মুরাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মেজবাউর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মাকসুদুল হক মুকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন  কান্ত পন্ডিত  ভজন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর  উপজেলা বিএনপির সভাপতি মীর  মানিকুজ্জামান মানিক প্রমুখ।