চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সেনাবাহিনী, বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে অবৈধভাবে বসবাসরত মোট ৩৪৫ জন অবৈধ রোহিঙ্গা অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করার কার্যক্রম চলমান রয়েছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) মধ্যরাত থেকে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ২নং ও ৭নং ওয়ার্ডের বার্মা কলোনী এলাকায়  অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় চন্দনাইশ আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা, বিজিবি, উপজেলা প্রশাসন এবং পুলিশ। 

অভিযান সূত্রে জানা যায়, মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে বার্মা কলোনীকে যৌথ বাহিনী চারদিক থেকে ঘিরে প্রতিটি বাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে সার্চ করে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন মহিলা, ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ সর্বমোট ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করে। চন্দনাইশ থানা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন ( আরআরআরসি) এর তত্ত্বাবধায়নে উখিয়াতে স্থানান্তরিত করার প্রক্রিয়া চলমান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ এই এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে মূলত এই অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়।