সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় করা মামলায় রাজধানী বাড্ডার সাঁতারকূলের ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম মামলায় অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তারা হলেন, সার্জন ডা. তাসনুভা মাহজাবীন, স্পেশাল অ্যানেসথেসিস্ট ডা. সৈয়দ সাব্বির আহমেদ ও সহকারী স্পেশাল অ্যানেসথেসিস্ট ডা. মো. নাজিম উদ্দিন।
মামলার বাদী শিশু আয়ানের বাবা মো. শামীম আহমেদ বলেন, এই চিকিৎসকদের ভুল চিকিৎসায় ও অবহেলাজনিত কারণে তার পাঁচ বছর নয় মাস বয়সী শিশু আয়ান আহমেদের মৃত্যু হয়েছে। সম্প্রতি এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানি ছিল গতকাল। তবে, এদিন তিন চিকিৎসক আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল শিশু আয়ান। তাকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সুন্নতে খতনা করাতে সাঁতারকূলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তাকে অ্যানেসথেসিয়া দিয়ে খতনা করা হয়। কিন্তু অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফিরলে আয়ানকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর ২০২৪ সালের ৭ জানুয়ারি মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। একই বছর ৯ জানুয়ারি আয়ানের বাবা শামীম আহমেদ বাদী হয়ে বাড্ডা থানায় এ মামলাটি করেন। ২০২৪ সালের ১৯ জানুয়ারি ডা. তাসনুভা ও ডা. সাব্বির ঢাকার একটি আদালত থেকে জামিন নেন।