রবিবার নয়াপল্টনে নির্বাচনী জনসভা করবে বিএনপি

আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শেষ করবে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, নয়াপল্টনের জনসভায় তারেক রহমান ঢাকার আসনগুলোর প্রার্থীদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেবেন। পাশাপাশি নেতাকর্মী ও সমর্থকসহ রাজধানীবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাবেন।

এদিকে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বিএনপি চেয়ারম্যান রংপুর বিভাগের নীলফামারী, ঠাকুরগাঁও ও দিনাজপুরে নির্বাচনী জনসভা করবেন।

গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভা করেন তারেক রহমান। এরপর চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলায় নির্বাচনী জনসভা করেছেন তিনি।

সোমবার বিটিভিতে বক্তব্য দেবেন তারেক রহমান : বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আগামী সোমবার বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশন (ইসি) বিটিভি মহাপরিচালককে এ সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলের দলীয় প্রধানদের বক্তব্য প্রচারের জন্য সøট বরাদ্দসংক্রান্ত-বিষয়ে ইসি সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে। গত মঙ্গলবার ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদনের সময়ের ক্রমানুয়ায়ী বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। তবে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল হতে আবেদন পাওয়া যায়নি। তাই বিএনপির দলীয় প্রধানকে তাদের চাহিদা মোতাবেক ৯ ফেব্রুয়ারি শেষ সøটে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বিটিভিকে বলেছে।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি দল প্রার্থী দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির ভোটে তারা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন।

এবার ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির সর্বোচ্চ ২৯২ জন ভোটের মাঠে রয়েছেন। এরপর আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দলটির প্রার্থী সংখ্যা ২৫৩। আর স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যায় তৃতীয় সর্বোচ্চ। এ ছাড়া জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মোট ২২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে জাতীয় পার্টির ১৯২ জন, গণ অধিকার পরিষদের ৯০ জন এবং এনসিপির ৩২ জন প্রার্থী ভোটে রয়েছেন।

এর আগে ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে প্রচারণার শেষ সময়ে এসে প্রধান কয়েকটি দলের প্রধানদের বক্তব্য প্রচার করা হয়। এ ধারাবাহিকতায় ২০১৩ সালে দশম সংসদ নির্বাচনের আগেও দলীয় প্রধানদের বক্তব্য প্রচার করা হয়।

উত্তরাঞ্চলের তিন জেলায় কাল জনসভা তারেক রহমানের

নীলফামারী প্রতিনিধি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে প্রচারণার অংশ হিসেবে আগামীকাল শনিবার দেশের উত্তরাঞ্চলের ৩টি জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের এই সফরসূচি-বিষয়ে গতকাল নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এর আগে ১১ জানুয়ারি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভার কথা ছিল। কিন্তু পরে তা স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া জনসভা আগামীকাল নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় হতে যাচ্ছে। যদিও গত ৩০ জানুয়ারি তারেক রহমান নির্বাচনী প্রচারে উত্তরাঞ্চলের প্রথম দফা সফরে এসে বিভাগীয় শহর রংপুরে বিশাল জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

এদিকে শনিবার তিন জেলায় তারেক রহমানের নির্বাচনী জনসভা ঘিরে সাজ সাজ রব শুরু হয়েছে। প্রতিটি জনসভা স্থলে মঞ্চ তৈরির কাজ চলছে। পাশাপাশি শহরগুলোয় প্রচারণা মিছিল ও মাইকিং চলছে। নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক দেশ রূপান্তরকে জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে প্রতিটি এলাকার বিএনপি নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করেছেন। সেই সঙ্গে মঞ্চ তৈরির প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।

দলীয় সূত্রমতে, এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের নির্বাচনী প্রচারণায় জনসভার সফরে তিনি বিমান ও হেলিকপ্টার ব্যবহার করবেন। ঢাকা থেকে বিমানে করে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বেলা ১১টায় পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে প্রথমে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে বেলা সাড়ে ১১টায় জনসভায় যোগদান করবেন। সেখান থেকে হেলিকপ্টারে রওনা হয়ে দুপুর দেড়টায় নীলফামারী পৌরসভা বড় মাঠে জনসভায় অংশ নেবেন। নীলফামারীর জনসভা শেষে তারেক রহমান পুনরায় হেলিকপ্টারে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে বিকাল সাড়ে ৩টার জনসভায় যোগদান করবেন। সেখানে বক্তব্য শেষে তিনি তার নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এরপর হেলিকপ্টারযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে বিমানযোগে সন্ধ্যায় ঢাকায় ফিরে যাবেন।

তিন জেলার এই নির্বাচনী সভায় ঠাকুরগাঁও জেলার ৩টি, নীলফামারী জেলার চারটি ও দিনাজপুর জেলার ৬টিসহ ১৩টি আসনের ধানের শীষ ও বিএনপি জোটের প্রার্থীরা অংশ নেবেন। প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে তারেক রহমানের খালাতো ভাই কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন রয়েছেন।