নয়াপল্টনের সমাবেশ স্থগিত

উত্তরাঞ্চলের তিন জেলায় আজ তারেক রহমানের জনসভা

বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল ৮ ফেব্রুয়ারি ওই সমাবেশ হওয়ার কথা ছিল। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনী জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার তিনি ৮ ফেব্রুয়ারির কর্মসূচির কথা জানিয়েছিলেন।

গতকাল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বৃহস্পতিবার একটি কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হলেও পরে দলের নীতিনির্ধারণী পর্যায়ের সভায় আলোচনার পর ৮ তারিখের সমাবেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় সশরীরে উপস্থিত থেকে জনসভা করবেন।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে ও অন্যান্য কয়েকজন হল সংসদ প্রতিনিধি ছাত্রদলে যোগ দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

উত্তরাঞ্চলের তিন জেলায় জনসভা আজ : এদিকে আজ শনিবার দেশের উত্তরাঞ্চলের তিন জেলায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে প্রচারণার অংশ হিসেবে তিনি নীলফামারী, ঠাকুরগাঁও ও দিনাজপুরে যাচ্ছেন।

তারেক রহমানের এই সফরসূচির বিষয়ে বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, গত ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারে উত্তরাঞ্চলের প্রথম দফা সফরে গিয়ে রংপুর বিভাগীয় শহরে বিশাল জনসভায় বক্তব্য দিয়েছিলেন। এ অঞ্চলের দ্বিতীয় সফরে তিনি শনিবার (আজ) ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলায় নির্বাচনী জনসভা করবেন।

দলীয় সূত্র মতে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের নির্বাচনী প্রচারণার জনসভার সফরে বিমান ও হেলিকপ্টার ব্যবহার করবেন এবার। তারেক রহমান সকালে ঢাকা থেকে বিমানে করে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর বেলা ১১টায় পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে প্রথমে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে বেলা সাড়ে ১১টায় জনসভায় যোগদান করবেন। সেখান থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে দুপুর দেড়টায় নীলফামারী পৌরসভা বড় মাঠে জনসভায় অংশ নেবেন। নীলফামারীর জনসভা শেষে তারেক রহমান আবার হেলিকপ্টারে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে বিকেল সাড়ে ৩টার জনসভায় যোগদান করবেন। সেখানে বক্তব্য শেষে তিনি প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এরপর হেলিকপ্টারযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে বিমানযোগে সন্ধ্যায় ঢাকায় ফিরে যাবেন। তিন জেলার এই নির্বাচনী সভায় ঠাকুরগাঁও জেলার তিনটি, নীলফামারী জেলার চারটি ও দিনাজপুর জেলার ছয়টিসহ ১৩টি আসনের ধানের শীষ ও বিএনপি জোটের প্রার্থীরা অংশ নেবেন।

প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে তারেক রহমানের খালাতো ভাই কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন রয়েছেন। দলীয় সূত্র মতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে প্রতিটি এলাকার বিএনপি নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করেছেন। সেইসঙ্গে মঞ্চ তৈরির প্রস্তুতি শেষ হয়েছে। নীলফামারীর জনসভাস্থল শহরের বড় মাঠটিতে দুই লাখ মানুষের সমাগম ঘটবে বলে জানান জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।