ওয়াশিংটন পোস্টের সিইও লুইসের পদত্যাগ

কর্মী ছাঁটাই নিয়ে ক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা উইল লুইস। গত মঙ্গলবার ওয়াশিংটন পোস্টে বড় ধরনের ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়। ওয়াশিংটন পোস্ট ছাঁটাই করা কর্মীর সঠিক সংখ্যা প্রকাশ না করলেও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৮০০ সাংবাদিকের মধ্যে প্রায় ৩০০ জনকে ছাঁটাই করা হয়েছে। কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় লুইস বলেন, সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়। তিনি জানান, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করতে ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে হয়েছে। সাম্প্রতিক পদক্ষেপগুলোর চাপের কথাও তিনি স্বীকার করেন। ওয়াশিংটন পোস্ট কর্র্তৃপক্ষ জানিয়েছে, ব্রিটিশ নাগরিক লুইসের স্থলাভিষিক্ত হচ্ছেন জেফ ডি’ওনোফ্রিও। তার নিয়োগ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ। এ সিদ্ধান্তের প্রতিবাদে ওয়াশিংটনে পত্রিকাটির সদর দপ্তরের বাইরে বিক্ষোভও হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন ইউক্রেনের কিয়েভভিত্তিক প্রতিনিধি ও মধ্যপ্রাচ্য ব্যুরোর পুরো দলকেই অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া খেলাধুলা, গ্রাফিকস ও স্থানীয় সংবাদ বিভাগগুলো ছোট করে আনা হয়েছে। স্থগিত করা হয়েছে সংবাদপত্রটির নিয়মিত পডকাস্ট ‘পোস্ট রিপোর্টস’।