‘আরকাইভস: ইন কোয়েস্ট অব রুটস’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন সংস্কৃতি সচিব

রবিবার (৮ ফেব্রুয়ারি) আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ‘আরকাইভস: ইন কোয়েস্ট অব রুটস’ শীর্ষক একটি বিশেষ গ্রন্থের শুভ মোড়ক উন্মোচন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় আরকাইভসের কনফারেন্স কক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক জনাব খন্দকার জহিরুল ইসলাম। এছাড়াও জাতীয় আরকাইভস উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত সুধীজন এই প্রকাশনাটিকে জাতীয় ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন।

প্রকাশিত এই গ্রন্থটিতে বাংলাদেশ জাতীয় আরকাইভসে সংরক্ষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নথিপত্রের একটি সচিত্র প্রতিবেদন তুলে ধরা হয়েছে। মূলত ইংরেজি ভাষায় রচিত এই গ্রন্থটি পাঠকদের সামনে দেশের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের এক স্বচ্ছ ধারণা তুলে ধরবে। বিশেষ করে গবেষক ও তরুণ প্রজন্মের কাছে আমাদের জাতীয় শেকড়ের সঠিক ইতিহাস পৌঁছে দিতে এটি বিশেষ ভূমিকা রাখবে।