বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামায়াতে ইসলামীকে ভোট দিলে ইমান নষ্ট হয়ে যাবে, তারা মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় নিজ নির্বাচনী আসনের সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় নির্বাচনী সভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, একটা দল ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা করছে, দাঁড়িপাল্লাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, একটা মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না।
হেফাজতে ইসলামীর আমির সাহেব বলেছেন, জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হচ্ছে নাজায়েজ। আর চরমানাই পীর সাহেব বলেছেন, জামায়াতে ইসলামী হচ্ছে সব থেকে বড় মিথ্যাবাদী।
সে হিসেবে এই একটা দলকে ভোট দিলে আমরা আমাদের ইমানকে নষ্ট করে ফেলব। তাই অনুরোধ করব কোনো বিভ্রান্ত না হয়ে দেশের উন্নয়নের জন্য, একাত্তরের স্বাধীনতাকে ধারণ করার জন্য, ২৪-এর জুলাইয়ের যুদ্ধকে লালন করার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি।