মঞ্জুরুল আহসান মুন্সীকে নির্বাচনী অনুসন্ধান কমিটির তলব

ঋণ খেলাপের অভিযোগে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে প্রার্থিতা হারানো ও ভোটাদের হুমকি দেওয়ার অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বুধবার (১১ ফেব্রুয়ারি) তাকে সহশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি থেকে জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম এ নির্দেশ দেন। এদিন মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনে বিষয়টি কমিটির কাছে লিখিতভাবে জানান দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রকিবুল ইসলাম।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মুন্সীকে বলতে শোনা যায়, যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর আপনারা অন্য দলকে ভোট দেন, কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি জ্বালাইয়া- পোড়াইয়া ছারখার করে দেব। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। মঙ্গলবার রাতেই তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।