আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। এই ভোটকে কেন্দ্র করে নগদ টাকা সরবরাহ, আগ্নেয়াস্ত্রের ব্যবহার, ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, মারধর ও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব ঘটনায় প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে নগদ টাকা, অস্ত্রসহ তাদের আটক করা হয়।
নগদ টাকাসহ আটক : নীলফামারী প্রতিনিধি জানান, বুধবার বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান। সৈয়দপুর থানার ওসি রেজাউল আলম রেজা বলেন, বেলাল ইউএসন্ডবাংলা এয়ারলাইনসের বিমানে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। এ সময় তাকে একটি টাকার ব্যাগসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা রয়েছে। তবে তিনি সেই টাকার উৎসের বিপরীতে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়। টাকা গণনা শেষে তার ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া যায়। ওসি বলেন, বেলাল উদ্দিন গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসায়িক কাজেই টাকা নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ও সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক।
এদিকে ঢাকান্ড৬ আসনের ভোট কেনার সময় সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করে সাধারণ জনগণ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে দুদিনের কারাদন্ড দেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি চালের দোকানে হাবিব ভোটারদের কাছে টাকা প্রদান করার সময় এলাকাবাসী তাকে ধরে ফেলেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাইন্ডবাছাই শেষে ঘটনার সত্যতা পান।
অন্যদিকে লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর ৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ তার ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলকে আটক করেেছ সেনাবাহিনী। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন। তিনি বলেন, সন্ধ্যায় জেলা শহরের ঝুমুর গোলচত্বর এলাকায় লক্ষ্মীপুর ৩ (সদর) আসনের বিএনপির এমপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। শ্যামল প্রার্থীর খালাতো ভাই। তার গাড়িটি এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে।
শরীয়তপুরের নড়িয়ায় ৭ লাখ ২০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা নামে জামায়াতের এক কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। আটক গোলাম মোস্তফা নড়িয়া উপজেলার ১২৭ নম্বর হাজি সৈয়দ আহাম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নির্বাচনী পোলিং অফিসার।
নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া বলেন, জামায়াতের এক কর্মীকে টাকা আদানন্ডপ্রদানের সময় আটক করে যৌথ বাহিনী। পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই বছরের কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রামের চন্দনাইশ প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় সাড়ে ১০ লাখ টাকা ও রিকুইজিশন করা একটি নোহা মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। সেনা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় চন্দনাইশ পৌরসভার আব্দুল বারী হাট এলাকায় বিজিবি এবং চন্দনাইশ আর্মি ক্যাম্পের একটি যৌথ টহল দল মাইক্রোবাস তল্লাশি করে। তল্লাশিকালে দুজন সন্দেহভাজন ব্যক্তির কাছে ১০ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায়।
কুমিল্লা প্রতিনিধি জানান, গতকাল দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকায় ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। আটক হাবীবুর রহমান হেলালী কুমিল্লান্ড৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক বলে জানা গেছে।
জামালপুর প্রতিনিধি জানান, গতকাল দুপুরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে জামালপুরন্ড৩ (মেলান্দহন্ডমাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর তিন কর্মীকে মাদারগঞ্জ উপজেলা থেকে আটক করেছে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাস করে কারাদন্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
অস্ত্রন্ডককটেল উদ্ধার : বাগেরহাট প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে বাগেরহাট পৌরসভার হাড়িখালী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি হাতবোমা (ককটেল) উদ্ধার করেছে যৌথ বাহিনী। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, গতকাল দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী পুকুর থেকে দেশীয় লাঠিসোটা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ৯৯৯ন্ডএ কল পেয়ে ঘটনাস্থলে এসে পুকুর থেকে বেশ কিছু লাঠিসোটা উদ্ধার করে। তবে কে বা কারা এসব রেখেছে, তা জানা যায়নি।
পাবনা প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাচনের আগের দিন সেলফ লোডেড (এসএলআর) ও ৯ এমএম পিস্তলসহ পাঁচ আগ্নেয়াস্ত্র ও বিপুলসংখ্যক গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার সন্ত্রাসী। তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মূলত বিশৃঙ্খলা তৈরি করে জনমনে ভীতি বা আতঙ্ক সৃষ্টি করে থাকে।
কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধি জানান, গতকাল দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোটকেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সংঘর্ষ, মারধর, হামলা : নওগাঁ প্রতিনিধি জানান, গতকাল সকালে নওগাঁর বদলগাছী উপজেলায় ছয়টি ককটেল ও পেট্রোলবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার বোমাগুলো ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে। বদলগাছী থানার ওসি লুৎফর রহমান জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে ছয়টি ককটেল, চারটি কাচের বোতলে পেট্রোল উদ্ধার করে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, গতকাল দুপুরে চট্টগ্রামের রাউজানে আরব আমিরাত প্রবাসী বিএনপির এক কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অস্ত্রধারীরা। কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া গ্রামে রুস্তম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর টিম গেলে ততক্ষণে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হচ্ছে : জামায়াত
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটকের ঘটনাসহ সারা দেশে জামায়াত নেতাকর্মীদের হয়রানি করতে নাটক সাজানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, জামায়াত নেতাদের প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ঘটনা ঘটানো হচ্ছে। উদ্বেগজনক কিছু ঘটছে। আমাদের প্রার্থী, নেতারা, এজেন্ট এবং কর্মীদের ওপর হামলা হচ্ছে। তাদের শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে, অফিসগুলোতে হামলা হচ্ছে। একটি দল সাহস হারিয়ে এবং জনগণের সমর্থন পাবেন না বুঝতে পেরে এই হামলা ও ষড়যন্ত্রমূলক আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
গতকাল দুপুরে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশের বিভিন্ন ঘটনা নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাচ্ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। ঢাকায় বিমানবন্দরের কর্মকর্তারা তার সঙ্গে টাকা থাকার বিষয়টি জেনেছেন। অভ্যন্তরীণ রুটে এভাবে টাকা বহনে কোনো অসুবিধা নেই উল্লেখ করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ অনাপত্তিপত্র দিয়েছেন। তারপরও খারাপ উদ্দেশ্যে একটা নাটক সাজিয়ে সেটি নেতিবাচকভাবে ছড়ানো হয়েছে।
তিনি বলেন, ‘একজন মানুষ ব্যবসা করতে পারেন, তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা বহন করতে পারেন। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিকটেড এরিয়ায় যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে, নিউজ করা হচ্ছে।’
মাহবুব জুবায়ের বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকান্ড১৫ আসনে নির্বাচন করছেন। এ আসনে গত রাতে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। আমাদের অফিসে হামলা হয়েছে। এ আসনে এর আগেও এমন ঘটনা ঘটেছে। প্রতিদিনই কিছু না কিছু ঘটছে। আমরা বিকাশ নম্বর ও আইডি কার্ড চাচ্ছি এমন তথ্য দিয়ে সেখানে একটি লিফলেট ছড়ানো হয়েছে। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমিরে জামায়াতসহ আমাদের নেতাদের ভাবমূর্তি রুগ্ণ করতে একদল লোক এসব অসৎ চক্রান্ত ও ষড়যন্ত্রমূলক কাজ করছে।
বিভিন্ন স্থানে হামলার ঘটনা তুলে ধরে তিনি বলেন, মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজারন্ড১ আসনের প্রার্থীর ওপর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর নেতৃত্বে হামলা ও ভাঙচুর করা হয়েছে। দুজনকে মারাত্মকভাবে আঘাত ও জখম করা হয়েছে। রাতে রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে এবং থানায় মামলা করা হয়েছে। এ ঘটনার আগের দিন রাজনগরে একই ধরনের হামলার ঘটনা ঘটেছে।
৭৪ লাখ টাকা আটকের বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা নয় : বিএনপি
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের আটকের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেখার সুযোগ নেই। এ ধরনের ঘটনার সংখ্যা অনেক হবে। দেশের বিভিন্ন স্থানে জামায়াতন্ডশিবির একই ধরনের অনৈতিক ও আচরণবিধিন্ডবহির্ভূত কার্যক্রম চালাচ্ছে। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাহদী আমিন এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে নির্বাচনে বিএনপির বিজয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মাহদী আমিন বলেন, ‘অবশ্যই আমরা বিজয়ী হওয়ার প্রত্যাশায় রয়েছি। তবে বিএনপির বিজয় প্রতিহত করতে একটি গোষ্ঠী প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।’
সুষ্ঠু তদন্ত দাবি : সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের আটক হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। গতরাতে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে এ ঘটনার তদন্তের দাবি জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, সৈয়দপুরসহ দেশের বিভিন্ন স্থানে টাকাসহ জামায়াত নেতাদের আটকের ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবপুর, সিরাজগঞ্জের কামারগঞ্জ, বরগুনার পাথরঘাটা, নোয়াখালীর গনিপুর, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলাসহ বিভিন্ন স্থানে টাকা, অস্ত্র, বিভিন্ন পণ্য দেওয়ায় আটক করা হয়েছে। এসব বিষয়ে জনগণের উদ্দেশ্যে ইসিকে একটা বার্তা দিতে অনুরোধ করছি। সার্বিকভাবে ইসি আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারত বলে মন্তব্য করেন তিনি।
সৈয়দপুরের ঘটনায় শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মন্তব্যর সমালোচনা করে তিনি বলেন, কোনো অসৎ উদ্দেশ্য না থাকলে অনাপত্তিপত্র কেন প্রয়োজন হলো? এমন কর্মকান্ড সন্দেহজনক। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো দাবি করে নজরুল ইসলাম খান বলেন, আমরাও শেষ পর্যন্ত মাঠে থাকব। যারা বিশৃঙ্খলা করবে তাদের জনগণই প্রতিহত করবে। এর আগে বিএনপি নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করেন।