আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন ও গণভোটের পরিবেশ ‘সো ফার সো গুড’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গতকাল বুধবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল এদিন ইসিতে বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে যান।
তবে নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে বলে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘সেটাও হতে পারে এবং সেটা তো আমি বলেছি যে আমরা করছি না। সে ষড়যন্ত্র অন্য কেউ করছে কাজেই এই ঘটনাও তারাও ঘটায়ে থাকতে পারে।’
নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র চলছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা একটা জটিল সময়ে যাচ্ছি। আমাদের প্রতিপক্ষ খুব দুর্বল না, যারা দীর্ঘদিন দেশ শাসন করেছে তাদের প্রচুর বেনিফিশিয়ারি আছে এখানে, যারা এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করতে পারে। আমাদের দেশের ভেতরেও যাদের বিজয় সম্পর্কে দুশ্চিন্তা আছে কিংবা পরাজয় সম্পর্কে যারা নিশ্চিত, তারা অনেকেই চেষ্টা করতে পারে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার।’
তিনি আরও বলেন, আবার কিছু খারাপ ব্যক্তিও তো আছে। যারা ক্ষতি করতে পারলেই খুশি হয়। তবে এই চেষ্টা থাকার পরেও জনগণের আগ্রহ তার চেয়েও বেশি। জনগণ চায় নির্বাচনটা হোক এবং সুষ্ঠুভাবে হোক। আমরাও বিশ্বাস করি, নির্বাচন সুষ্ঠুভাবে হবে।
‘সে রকম সময়ে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান যেন নির্বাচনের বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়, এটাই তো প্রত্যাশিত। যদি কেউ নেয় আমরা তাদের জনগণের প্রতিপক্ষ বলে বিবেচনা করি’, যোগ করেন নজরুল ইসলাম খান।
ঠাকুরগাঁওয়ের জামায়াত ইসলামীর নেতা টাকাসহ আটক প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘সৈয়দপুরের ঘটনার রেফারেন্সে একটা বিশেষ বাহিনীর বড় কর্মকর্তা বলেছেন, কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামায়েতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। অভ্যন্তরীণ রুটে অর্থপরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই। যদি কোনো সীমাবদ্ধতা না থাকে তাহলে অনুমতির দরকার হয় কেন? তাহলে উনার প্রথম কথার সঙ্গে দ্বিতীয় কথা তো মিলল না। আর এই কথা তো উনার কাছে কেউ জানতে চায়নি। তাহলে তার অতি উৎসাহ নিয়ে এই কথাটা বলার দরকার হলো কেন?’
জামায়াতের জনপ্রিয়তা নষ্ট করতে বিএনপি এই নাটক সাজিয়েছে জামায়াতের এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘টাকাসহ জামায়াত নেতাকে আটক তো পুলিশ করেছে। বিএনপি তো ধরে নাই। নাটক হলে, এই নাটকের অভিনেতা তো তারাই।’