ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ

বড় কোনো সংঘাত আর সংঘর্ষ ছাড়াই গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভোটার ও প্রার্থীরা। অনেকেই প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে নির্বাচন চলাকালে দেশ জুড়ে অসুস্থ হয়ে ছয়জনের মারা যাওয়ার খবর এসেছে।

সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু হয়ে একটানা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ২৯৯ আসনে সংসদ নির্বাচনের সঙ্গে এবার গণভোট হয়। শেষ সময় বিকেল সাড়ে ৪টায় ভোটকেন্দ্রের সীমানার মধ্যে কাউকে আর ঢুকতে দেওয়া হয়নি। তবে লাইনে যারা ছিলেন, তারা ভোট দেওয়ার সুযোগ পান। এবার ভোটাররা গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোট দিয়ে নিজেদের মত জানালেন। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে তা হবে সংবিধানের মৌলিক সংস্কার বাস্তবায়নের সূচনা। রাতে নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্যমতে, সারা দেশে ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দেড় বছরের মাথায় আয়োজিত এ ভোটে সকাল থেকে উৎসাহের সঙ্গে ভোট দিতে আসতে দেখা যায় ভোটারদের। শহর ও গ্রামের ভোটকেন্দ্রগুলোর বেশিরভাগ এলাকায় ছিল উৎসবের আমেজ।

সকালে সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর আগে অনেক কেন্দ্রে যেমন লাইন দেখা যায়, তেমনি অনেক স্থানে শুরুর দিকে ভোটারদের চাপ ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বেড়েছে বিভিন্ন কেন্দ্রে। অনেক স্থানে দুপুরে ফাঁকা থাকার পর বিকেলের দিকে আবার ভোটার বাড়তে দেখা যায়। আবার অনেক কেন্দ্রে বিকেলে ছিল ফাঁকা।

এবারের নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটার ৫ কোটির বেশি। অন্যদিকে মোট ভোটারের প্রায় অর্ধেক নারী।

ইসির তথ্য অনুসারে, এবারের নির্বাচনে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এক লাখের বেশি সেনাসদস্য মোতায়েন রয়েছেন।