ভারত মহাসাগরীয় দ্বীপ দেশ মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র আঘাতে মৃত্যুর সংখা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ঘরছাড়া হয়েছে ১২ হাজারের বেশি মানুষ। ভারত মহাসাগরীয় দ্বীপ দেশটির পূর্ব উপকূলীয় বন্দরনগরী তুয়ামাসিনায় ঝড়টি আঘাত হানে। ঝড়টি এবার মোজাম্বিকে আঘাত হানার আশঙ্কায় দেশটি প্রস্তুতি নিচ্ছে।
দুর্যোগের ক্ষয়ক্ষতির হিসাব হালনাগাদ করে বৃহস্পতিবার মাদাগাস্কারের জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর (বিএনজিআরসি) জানায়, এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আরও ছয়জন নিখোঁজ এবং অন্তত ৩৭৪ জন আহত হয়েছেন। তুয়ামাসিনায় গেজানির প্রভাবে বাতাসের গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) পর্যন্ত পৌঁছায়।
দেশটির নতুন নেতা কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন এবং আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়টি তোয়ামাসিনা ও আশপাশের এলাকার প্রায় ৭৫ শতাংশ ধ্বংস করে দিয়েছে।