নির্বাচন পরবর্তী সময়ে নড়াইলে আহসান আজিজুল হাকিম নামে এক জামায়াত কর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আহসান আজিজুল হাকিম জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিছালী ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন তিনি। সদ্য শেষ হওয়ায় জাতীয় সংসদ নির্বাচনে তিনি নড়াইল-১ আসনের পরাজিত জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের হয়ে কাজ করেন।
আহসান আজিজুল হাকিমের দাবি, শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে তার বাড়ির উঠানে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি চলাফেরা করে। বিষয়টি টের পেয়ে তিনি বাইরে বের হলে তারা দৌঁড়ে পালিয়ে যায়। পরে ভোররাত চারটার দিকে বিকট শব্দ শুনে তিনি জানালা খুলে দেখেন তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন জ্বলছে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে। তবে ততক্ষণে তার মোটরসাইকেলটির বেশ কিছু অংশ পুড়ে যায়।
এঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. হাসিবুর মোল্যা বলেন, রাজনৈতিক মতভেদের কারণে কারও ক্ষতি করা উচিত নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।