ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন ট্রাম্প

ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে তুলে নিয়ে যাওয়ার পর এই প্রথম দেশটিতে যাবেন ট্রাম্প। সফরের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, দেশটির বর্তমান প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক অত্যন্ত ভালো। শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, আমি ভেনেজুয়েলায় সফর করতে যাচ্ছি। তবে সফরের সময়সূচি বা বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে কিছু জানাননি। তিনি আরও বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে আমাদের সম্পর্ক দশের মধ্যে দশ, এবং দুই দেশ তেলসহ বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করছে। দেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে কি না এমন এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘হ্যাঁ অবশ্যই, আমরা ইতিমধ্যে তা করেছি। আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং এই মুহূর্তে তারা খুব ভালোভাবে নিজেদের দায়িত্ব পালন করছে।’

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অভিযানের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। এরপর রদ্রিগেজ অন্তর্বর্তী নেতৃত্বে আসেন। তবে সম্প্রতি এনবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রিগেজ মাদুরোকেই ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট ভেনেজুয়েলা সফরকালে বলেছেন, রদ্রিগেজ বর্তমানে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছেন। সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভবিষ্যতে রদ্রিগেজের রাজনৈতিক ভূমিকা কী হবে, সে সিদ্ধান্ত ভেনেজুয়েলার জনগণের ওপরই নির্ভর করবে।

এদিকে, ভেনেজুয়েলার কর্র্তৃপক্ষ আরও ১৭ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে সরকারবিরোধী আন্দোলনকারী গোষ্ঠী ভেন্তে ভেনেজুয়েলা। গতকাল শনিবার এ বন্দিদের ছাড়া হয় বলে এক্সে জানিয়েছে তারা। রাজনৈতিক বন্দিদের মুক্তির খবর নিশ্চিত করেছে বেসরকারি সংস্থা ক্লিপভে-ও। মুক্তদের মধ্যে ৭ জন নারী আছে বলেও জানিয়েছে তারা। এ বন্দিদের মধ্যে সুপরিচিত কেউ আছে কিনা তা জানা যায়নি।