জামায়াত আমির বললেন

সংস্কারের ওপর যে গণভোট, পুরোটাই মানতে হবে

সংস্কারের ওপর যে গণভোট হয়েছে, এর পুরোটাই মানতে হবে। কোনো খ-িত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না। গতকাল রবিবার দুপুরে কিশোরগঞ্জের হাওর এলাকা ঘুরে করিমগঞ্জের বালিখলা ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশটা তো সংসদ থেকেই পরিচালিত হবে। সংসদে একটা সরকারি দল, আরেকটা বিরোধী দল হিসেবে থাকবে। সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না, মিনিমাম দুই চাকা লাগে। সরকারি দল যদি ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে, আমাদের সহযোগিতা থাকবে। জনস্বার্থ বিঘিœত হলে আমরা তো জনগণের পক্ষে অবস্থান নেব। আমাদের অবস্থান হবে ক্লিয়ার।

জামায়াত আমির বলেন, আপনারা দেখেছেন নির্বাচনের সময় আমরা যে কথাগুলো বলেছি। এগুলো আমাদের মুখের কথা ছিল না, বুকের কথা। তিন শর্ত আমরা চাইব সবাই মানুক। নম্বর ওয়ান, এ সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। দুই হচ্ছে বিচার বিভাগে বিচার বলতে কিছুই নেই। দেখেন না, এতগুলো ঋণখেলাপি কীভাবে (সংসদ নির্বাচনে) চান্স পায়। এদের হাতে কীভাবে দেশ নিরাপদ হবে? কারণ এরা তো সব সময় নিজের স্বার্থ দেখে। এ জায়গায় (সংসদে) এমন মানুষ যাওয়া দরকার, যে নিজের স্বার্থ দেখবে না, ১৮ কোটি মানুষের স্বার্থ দেখবে। ১৮ কোটি মানুষের স্বার্থ দেখলে কেউ ঋণখেলাপি হয় না।

এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তারেক সাহেব কী নিয়ে আলাপ করবেন, এটা উনার মনের ব্যাপার। উনি যদি আমার সঙ্গে আলাপ করেন, দেশ এবং জাতীয় স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আলাপ করব।  সংসদ চলতে হলে তো সরকারি দল ও বিরোধী দল লাগবে। সরকারি দল, বিরোধী দল হাতে হাত রেখে চলবে, যদি দেশ সঠিক পথে চলে। যদি বেঠিক পথে চলে, তাহলে ওই চাকা চালাব না।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি তো এখন ইতিহাসের অংশ হয়ে গেছে। এরা তো এখন ভূগোলে নেই। তারা (জাতীয় পার্টি) তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। জামায়াত ০ওই ভুল করবে না।

এ সময় কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মোসাদ্দেক ভূঞা, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী এবং ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখ উপস্থিত ছিলেন।