পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূ ব্যবসায়ী বৃদ্ধসহ নিহত ৭

দেশের পাঁচ এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী, গৃহবধূ ও বৃদ্ধসহ সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন, কালিহাতীতে প্রাইভেট কার ও ভ্যানের সংঘর্ষে দুজন, মুন্সীগঞ্জে অটোরিকশা ও বাইকের সংঘর্ষে ব্যবসায়ী, সিরাজগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে গৃহবধূ এবং গোপালগঞ্জে ট্রলিচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। দাউদকান্দি (কুমিল্লা), কালিহাতী (টাঙ্গাইল), মুন্সীগঞ্জ, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জ প্রতিনিধির পাঠানো খবর :

দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দিতে ওভারটেক করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। গতকাল রবিবার বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতুলি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চুয়াডাঙ্গার সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের মিজানুর রহমান (৪৭) ও অটোচালক দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের ফারুক হোসেন (৩৭)।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি বাস দাউদকান্দির জিংলাতুলি এলাকায় আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাসহ সড়কের পাশের মাছের ঘেরে পড়ে যায়। পরে কয়েকজনকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় অটোচালক ফারুক হোসেন এবং বাসযাত্রী মিজানুর রহমান ঘটনাস্থলেই মারা যান। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দিলরুবা শারমিন জানান, এ ঘটনায় আহত আটজনকে হাসপাতালে নিয়ে এলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা ভ্যানচালক মোহাম্মদ আমির আলী (৪০) এবং শরীফ উদ্দিন (৪১)। গতকাল দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়া একটি প্রাইভেট কার জোকারচর এলাকায় পৌঁছালে ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে শরীরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত আমিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। গতকাল সকালে সদর উপজেলার বজ্রযোগিনী নাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম রাসেল কবির (৪২)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার শাহী এলাকার বাসিন্দা। আহত নাজমুল হাসানকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সদর থানার ওসি মনিুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আঁখি খাতুন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশাচালক। গতকাল সকাল ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আঁখি বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এসআই পরিবহনের একটি বাস শহরের কাউন্টার থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে বিয়ারা ঘাট এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী আঁখি রিকশা থেকে সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন রিকশাচালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির চাপায় মাছেম মোল্লা (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা মো. মোমেনুল ইসলাম জানান, সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ মাছেম মোল্লা। এ সময় একটি যাত্রীবাহী ট্রলি তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।